বাংলাদেশে নারী নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার পাওয়ার অধিকার নিয়ে আবারও গুরুতর প্রশ্ন সামনে এসেছে। গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ করেছে চার যুবক। এরা প্রত্যেকেই বিএনপির কর্মী। নির্যাতন আর ধর্ষণের সময় প্রাণনাশের হুমকি এবং বাড়ির আশপাশে পাহারা বসানোর কারণে দুই দিন ঘরবন্দী থাকতে বাধ্য হন ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী। শেষ পর্যন্ত স্বজনদের সহযোগিতায় তাঁরা থানায় গিয়ে আইনের আশ্রয় নেন।
২০ বছর বয়সী ওই নারী শেরপুরের বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুরা ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় ডিবিএল গ্রুপের একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাঁরা প্রায় ছয় মাস ধরে হারুন অর রশিদ নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তাঁরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বাড়ির মালিককে তিন মাসের অগ্রিম ভাড়া দিয়ে মালামাল সরানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় স্থানীয় দুই যুবক ফারুক ও নয়ন তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। সন্ধ্যার দিকে স্বামী ফিরে আসার পর রাত সাড়ে ৮টার কিছুক্ষণ পরে ফারুক ও নয়নের সঙ্গে আরও দুজন তাঁদের ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে স্বামীকে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখা হয় বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী নারী আরো জানান, টাকা পাওয়ার মিথ্যা দাবি তুলে তাঁকে নিজেদের কথামতো চলতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় তাঁর হাত ও পা বেঁধে ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এরপর চারজন পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন বলে তিনি অভিযোগ করেছেন।
ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। ভুক্তভোগী ও তাঁর স্বামীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্তদের হুমকি এবং বাড়ির আশপাশে তাদের অবস্থানের কারণে তাঁরা ঘর থেকে বের হতে সাহস পাননি। বিচার চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্বামী। একজন নারীকে এমন ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের পরও যদি নিজের নিরাপত্তার আশঙ্কায় ঘর থেকে বের হতে না হয়, তাহলে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অপরাধের অভিযোগ জানানোর পথ যদি ভুক্তভোগীর কাছে ভয় ও অনিশ্চয়তায় ঘেরা হয়ে ওঠে, তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
পরে স্বজনদের সহযোগিতায় ওই দম্পতি থানায় গিয়ে অভিযোগ জানান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিষয়টি জানার পর থানার পরিদর্শক (তদন্ত) কে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের এই ঘটনা ঘিরে নারী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার অবকাশ তৈরি হয়েছে। বিএনপির অপশাসনের তীব্রতায় দেশটা এখন কার্যত জাহেলিয়াত। এমনটাই বলছেন নিরাপত্তা বিশ্লেষকগণ।
