আদিত্য প্রতাপ ঘোষের কলাম
একটি জাতিকে পরাজিত করতে সব সময় তার ভূখণ্ড দখল করতে হয় না; কখনো কখনো তার ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করাই যথেষ্ট। তার কবিকে অপমান করো, তার সাহিত্যকে অবজ্ঞা করো, তার সাংস্কৃতিক উত্তরাধিকারকে বিতর্কের কাঠগড়ায় দাঁড় করাও। তারপর ধীরে ধীরে এমন এক মানসিকতার বিস্তার ঘটাও, যেখানে মানুষ নিজের শিকড় নিয়েই সন্দিহান হয়ে পড়ে। ঢাকার সেগুনবাগিচায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনা তাই নিছক একটি প্রতিকৃতি বিকৃত করার ঘটনা নয়; এটি বাংলাদেশের সাংস্কৃতিক চেতনা, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক পরিচয় নিয়ে গভীর উদ্বেগের জন্ম দেয়।
রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, ধর্মীয় সম্প্রদায় কিংবা মতাদর্শের একক সম্পত্তি নন। তিনি বাংলা ভাষা ও বিশ্বসাহিত্যের সর্বোচ্চ অনন্য স্রষ্টা। তাঁর সাহিত্য, সংগীত ও চিন্তা বাঙালির আবেগ, মনন এবং আত্মপরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর সঙ্গে দ্বিমত করা যায়, তাঁর লেখনীগত অবস্থানের সমালোচনা করা যায়, তাঁর সাহিত্যকে নতুন দৃষ্টিতে বিশ্লেষণ করা যায়। কিন্তু যুক্তির পরিবর্তে বিদ্বেষ এবং আলোচনার পরিবর্তে অবমাননাকে বেছে নেওয়া কোনো সুস্থ বুদ্ধিবৃত্তিক সমাজের লক্ষণ হতে পারে না।
রবীন্দ্রনাথকে ঘিরে বিতর্কের আড়ালে ইতিহাস বিকৃতির রাজনীতি
দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করার অভিযোগ প্রচারিত করেছে ইসলামী জিহাদিরা। কিন্তু এই দাবিটি সম্পূর্ণভাবে মিথ্যা- এটা প্রমাণিত হয়েছে। ইতিহাসের কোনো দাবিকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন নির্ভরযোগ্য দলিল, সমকালীন নথি ও প্রাসঙ্গিক প্রমাণ। বঙ্গভঙ্গের বিরোধিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা দুটি পৃথক বিষয়। একটিকে অন্যটির সঙ্গে গুলিয়ে ফেলে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়া ইতিহাসচর্চা নয়।
রবীন্দ্রনাথের সাহিত্যিক অবদান কিংবা তাঁর রাজনৈতিক চিন্তার মূল্যায়ন করতে হলে তাঁকে তাঁর সময়, সমাজ ও ঐতিহাসিক বাস্তবতার মধ্যে রেখেই বিচার করতে হবে। তাঁকে দেবতা বানানো যেমন অনুচিত, তেমনি উদ্দেশ্যপ্রণোদিত বিদ্বেষের ভিত্তিতে তাঁর অবদান অস্বীকার করাও অসংগত।
ইতিহাস কোনো রাজনৈতিক প্রচারপত্র নয়, যেখানে প্রয়োজনমতো কিছু তথ্য তুলে ধরা হবে এবং অসুবিধাজনক তথ্য গোপন রাখা হবে। ইতিহাসের প্রতি সততা মানে নিজের পছন্দের ব্যক্তিত্বের ক্ষেত্রেও সমালোচনামূলক থাকা এবং অপছন্দের ব্যক্তিত্বের ক্ষেত্রেও ন্যায্যতা বজায় রাখা।
নবাব সলিমুল্লাহর সঙ্গে রবীন্দ্রনাথের মতপার্থক্যও দেয় সহাবস্থানের শিক্ষা
আজকের বাংলাদেশে এই শিক্ষাটিই অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিরোধিতা মানেই ব্যক্তিগত শত্রুতা নয়, ধর্মীয় পরিচয়ের পার্থক্য মানেই সাংস্কৃতিক বিরোধ নয়, আর মতাদর্শের অমিল মানেই অন্যের অর্জনকে ধ্বংস করার অধিকার নয়।
যে সমাজে ভিন্নমতকে সহ্য করার ক্ষমতা থাকে না, সেখানে যুক্তি ক্রমশ দুর্বল হয়। সেখানে প্রশ্নের উত্তর দেওয়া হয় না, প্রশ্নকারীকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়। আর এই প্রবণতা শেষ পর্যন্ত শুধু সংস্কৃতিকে নয়, গণতন্ত্রকেও বিপন্ন করে।
‘আমার সোনার বাংলা’ নিয়ে প্রশ্ন উঠলে জবাব হোক যুক্তিতে
বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথের অমর সৃষ্টি। এই গান স্বাধীন বাংলাদেশের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। বাংলাদেশের মানুষের কাছে এর তাৎপর্য কেবল একজন কবির সাহিত্যিক কৃতিত্বে সীমাবদ্ধ নয়; এটি স্বদেশ, প্রকৃতি, মাতৃভূমি ও জাতীয় আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
জাতীয় সংগীত নিয়ে আলোচনা হতে পারে, কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপন করা যেতে পারে। কিন্তু কোনো সাহিত্যকর্মের মূল্যায়ন তার স্রষ্টার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্ধারণ করা সভ্য ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি নয়।
বাংলাদেশের পরিচয় তার ভাষা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি এবং বহুত্বের সম্মিলনে নির্মিত। এই পরিচয়কে সংকীর্ণ ধর্মীয় কিংবা রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে বন্দি করার চেষ্টা জাতির ঐতিহাসিক বিকাশকেই খণ্ডিত করে।
রবীন্দ্রনাথকে সম্মান করার অর্থ এই নয় যে তাঁকে প্রশ্ন করা যাবে না। বরং তাঁর সৃষ্টি নিয়ে প্রশ্ন, বিশ্লেষণ ও সমালোচনায় বিতর্ক করার স্বাধীনতা নিশ্চিত করাই প্রকৃত সাংস্কৃতিক চর্চা। কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে বিদ্বেষমূলক অবমাননাকে এক করে দেখার সুযোগ নেই।
রবীন্দ্রনাথ বনাম নজরুলের বিভাজন বাঙালির সংস্কৃতিকে দুর্বল করে
বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য কোনো একক কবি বা সাহিত্যিকের মধ্যে সীমাবদ্ধ নয়। রবীন্দ্রনাথ আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, লালন শাহ আছেন, জীবনানন্দ দাশ আছেন। তাঁদের সৃষ্টির ভাষা, দর্শন ও প্রকাশভঙ্গিতে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যই বাঙালির সাংস্কৃতিক জগৎকে সমৃদ্ধ করেছে।
নজরুলকে ভালোবাসতে হলে রবীন্দ্রনাথকে ঘৃণা করতে হবে কেন? একজনের সাহিত্যকে সম্মান জানাতে অন্যজনের অবদান অস্বীকার করতে হবে কেন? সংস্কৃতির জগতে একজনের জন্য জায়গা তৈরি করতে অন্যজনকে মুছে ফেলার প্রয়োজন হয় না।
বরং সাহিত্য ও সংগীতের বৈচিত্র্যকে পরস্পরবিরোধী শিবিরে ভাগ করে দেওয়া সাংস্কৃতিক সংকীর্ণতার পরিচয়। একটি জাতির শক্তি তার বহুমাত্রিক ঐতিহ্যে, ভিন্নতাকে গ্রহণ করার ক্ষমতায় এবং নতুন প্রজন্মকে মুক্তভাবে চিন্তা করতে শেখানোর মধ্যে।
কালি দিয়ে প্রতিকৃতি বিকৃত করা যায়, ইতিহাস মুছে ফেলা যায় না
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনা আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন দাঁড় করিয়েছে: বাংলাদেশ কি এমন একটি সমাজ হিসেবে এগোবে, যেখানে মানুষ যুক্তি দিয়ে মত প্রকাশ করবে, নাকি এমন একটি সমাজে পরিণত হবে, যেখানে নিজের মত প্রতিষ্ঠা করতে অন্যের সাংস্কৃতিক প্রতীককে আঘাত করা হবে?
রাষ্ট্রের দায়িত্ব হলো এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, শিল্প-সাহিত্যের স্বাধীনতা ও বৈধ সমালোচনার অধিকার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব।
এই পরিস্থিতিতে প্রয়োজন আরও বেশি পাঠাভ্যাস, ইতিহাসের দলিলভিত্তিক চর্চা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা। রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কের জবাব বিদ্বেষ দিয়ে নয়, তাঁর সাহিত্য পাঠ করে, ইতিহাসের প্রমাণ যাচাই করে এবং যুক্তির মাধ্যমে দিতে হবে। রবীন্দ্রনাথের অস্তিত্ব কোনো দেয়ালের গ্রাফিতির ওপর নির্ভরশীল নয়। তিনি বেঁচে আছেন তাঁর গানে, কবিতায়, গল্পে, উপন্যাসে এবং বাংলা ভাষার সাংস্কৃতিক স্মৃতিতে। একটি প্রতিকৃতি বিকৃত করা যায়, কিন্তু একটি জাতির সম্মিলিত সাহিত্যিক উত্তরাধিকারকে তাতে নিশ্চিহ্ন করা যায় না।
বাংলাদেশের সামনে আজ প্রশ্নটি তাই শুধু রবীন্দ্রনাথকে ঘিরে নয়; প্রশ্নটি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আমরা কি যুক্তি, জ্ঞান, সহিষ্ণুতা ও বহুত্বের বাংলাদেশ চাই, নাকি এমন এক সমাজ চাই, যেখানে ইতিহাসকে সংকীর্ণ মতাদর্শের ছাঁচে ঢালতে গিয়ে নিজের সাংস্কৃতিক পরিচয়কেই দুর্বল করা হবে?
রবীন্দ্রনাথকে মুছে ফেলার আগে তাই নিজেদের প্রশ্ন করা প্রয়োজন- কবির প্রতিকৃতিতে কালি লেপে আমরা আসলে কাকে অপমান করছি? একজন সাহিত্যিককে, বাংলা ভাষাকে, নাকি আমাদের নিজেদের ইতিহাস ও আত্মপরিচয়কে?
দেয়ালের কালি একদিন মুছে যাবে। কিন্তু অসহিষ্ণুতার যে দাগ সমাজের বিবেকের ওপর পড়ে, তা মুছতে প্রয়োজন দীর্ঘদিনের জ্ঞানচর্চা, যুক্তিবোধ এবং সাংস্কৃতিক সাহস। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সেই সাহস আমরা কতটা ধরে রাখতে পারি, তার ওপর।
আদিত্য প্রতাপ ঘোষ
লেখক, ব্লগার ও রাজনৈতিক বিশ্লেষক
