ব্যয়ের ৯৪ শতাংশ অন্যান্য খাতে, প্রশ্ন পরিকল্পনা কমিশনের | সরকারি অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক
মাত্র তিন কোটি টাকার মাছের পোনা কিনতে প্রায় ৪৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প প্রস্তাব! সংবাদে উঠে এসেছে এমনই ব্যয়বহুল এক প্রকল্পের চিত্র। বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা’ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির লক্ষ্য যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়ানো। কিন্তু মাছের পোনা কেনার ব্যয়ের সঙ্গে প্রকল্পের মোট ব্যয়ের বিপুল ব্যবধান সরকারি অর্থের ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
মাছের পোনা কেনার জন্য প্রস্তাবিত ব্যয় ২ কোটি ৯০ লাখ টাকা, অথচ প্রকল্পের মোট ব্যয় ৪৭ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ, প্রায় ৪৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে অন্যান্য খাতে, যা মোট ব্যয়ের প্রায় ৯৪ শতাংশ। চারটি কম্পিউটার কেনার জন্য আট লাখ টাকা এবং ছয়টি পদে জনবল নিয়োগের প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবহন, তদারকি, গবেষণা ও ব্যবস্থাপনায় ব্যয় হতে পারে, কিন্তু এত বিপুল অর্থের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা খাতভিত্তিক হিসাব দিয়ে ব্যাখ্যা করা জরুরি। পরিকল্পনা কমিশনের আপত্তিও এই ব্যয় প্রস্তাবের স্বচ্ছতা ও যথার্থতা যাচাইয়ের গুরুত্ব সামনে এনেছে।
এই প্রকল্প ঘিরে বিএনপির সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে রাজনৈতিক সমালোচনা তীব্র হয়েছে। বিএনপির দুর্নীতি এখন সীমাহীন। জনগণের অর্থে পরিচালিত প্রকল্পে মূল কাজের তুলনায় অন্যান্য খাতে এত বিপুল ব্যয়ের প্রস্তাব কেন, সেই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। অনিয়ম প্রতিষ্ঠা করতে প্রয়োজন নথিপত্র, নিরীক্ষা ও যথাযথ তদন্ত। প্রকল্পের প্রতিটি খাতের হিসাব, দরপত্রের বিবরণ এবং ব্যয়ের যৌক্তিকতা প্রকাশ করা হলে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে।
