২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের অক্টোবর, মোটামুটি ছাব্বিশ মাসে ১৪৬ জন সংখ্যালঘুর মৃত্যুর নথি করেছে ডিআরপিডব্লিউ। হিসাব করলে দাঁড়ায় প্রায় প্রতি পাঁচ দিনে একজন। এর মধ্যে ১১৯ জন হিন্দু, ২২ জন আদিবাসী, ৫ জন বৌদ্ধ বড়ুয়া। প্রত্যেকের নাম, ঠিকানা, পেশা আর খবরের লিঙ্ক দেওয়া আছে। বিএইচবিসিইউসির খাতায় একই সময়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ২,৯৬৩টি, অর্থাৎ দিনে গড়ে চারটির বেশি।
ইউনূস আমলে এর যে ব্যাখ্যা বারবার শোনা গেছে, তা হলো এসব নাকি ধর্মীয় নয়, রাজনৈতিক হামলা, কারণ হিন্দুরা আওয়ামী লীগের ভোটার! এই সাফাইয়ের ভেতরেই আসলে লুকিয়ে আছে আসল স্বীকারোক্তি। একটা গোটা ধর্মীয় গোষ্ঠীকে একটা দলের সমর্থক ধরে নিয়ে তাদের ঘর পোড়ানো মানেই তো ধর্মীয় পরিচয়ের জন্য শাস্তি দেওয়া। আর চাকমা, মারমা, ত্রিপুরা, বম, সাঁওতাল, মুন্ডা জনগোষ্ঠীর ২২ জন আর বৌদ্ধ বড়ুয়া সম্প্রদায়ের ৫ জন কোন দলের ভোটার ছিলেন, তার কোনো জবাব আজও মেলেনি। তালিকায় প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর সংগীতশিল্পী প্রলয় চাকিও আছেন। হেফাজত আর নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যুও আছে, যেখানে দায় সরাসরি রাষ্ট্রের।
এই পুরো অধ্যায়ের শুরু ২০২৪ সালের জুলাই দাঙ্গা থেকে, যেখানে বিদেশি অর্থ, জঙ্গি সংগঠনের সহায়তা আর সেনাবাহিনীর সমর্থনে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে সরিয়ে ক্ষমতা নেন সুদী মহাজন ইউনূস। সঙ্গে ছিল জামায়াত। ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় সংস্থার মূল্যায়ন অনুযায়ী ২০২৪ সালে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ১৪৭টি সহিংসতার ঘটনার ৮১টিই ঘটেছে শুধু আগস্টে, মানে ক্ষমতা হাতবদলের কয়েক সপ্তাহের মধ্যে।
কিন্তু ইউনূস এখন ক্ষমতায় নেই। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দেশ চালাচ্ছে বিএনপি, আর পরিস্থিতি শুধরায়নি। ডিআরপিডব্লিউ ২০২৬ সালের প্রথম ছয় মাসে ২৫৭টি সাম্প্রদায়িক ঘটনা গুনেছে, তার মধ্যে ৪৪টি হত্যাকাণ্ড, উপাসনালয়ে ৬২টি হামলা বা ভাঙচুর, আর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ৪৭টি হামলা। এই ছয় মাসের সাড়ে চার মাসই বিএনপির শাসনে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গণপিটুনিতে মৃত্যু ২০২৫ সালে ১৯৭, ২০২৪ সাল থেকে মোট ২৯৩। দেশে আইনের শাসন কতটা ভেঙেছে, এই সংখ্যাই বলে দেয়।
বিএনপির ইতিহাসও অবশ্য এই লাইনেরই। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোটের সমর্থকদের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ আর লুটের প্রমাণ মিলেছিলো, বিচারিক তদন্তেও যার উল্লেখ আছে। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের হামলার কিছু ঘটনায় প্রত্যক্ষদর্শীরা হামলাকারী হিসেবে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকদের চিহ্নিত করেছেন। যে দলের জন্ম সেনানিবাসে, জিয়াউর রহমানের হাতে, তার রেকর্ড সংখ্যালঘুদের ক্ষেত্রে কখনোই পরিষ্কার ছিল না।
তারেক রহমান সবার জন্য নিরাপদ বাংলাদেশের গালগপ্পো করেন প্রায়ই। কিন্তু ১৪৬টি তালিকাভুক্ত মৃত্যুর স্বাধীন তদন্ত কোথায়? কতজনের বিচার হয়েছে? কতজন দোষী সাব্যস্ত? এই প্রশ্নগুলোর উত্তর তার ক্ষমতায় আসার পর নয় মাসেও মেলেনি। সামনেও মিললে বলে মনে হয় না।
